সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রুকনপুর জামে মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে বালাগঞ্জ উপজেলার কলুমপুর গ্রামের এক যুবককে হত্যার প্রতিবাদে ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা রক্ষার দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার (১০ মার্চ) বিকালে উত্তর কুশিয়ারা ইউনিয়নের জনসাধারণের ব্যানারে রুকনপুর জামে মসজিদ প্রাঙ্গণে জুনেদুল ইসলাম হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও উত্তর কুশিয়ারা ইউনিয়নের জনসাধারণের সার্বিক নিরাপত্তা রক্ষার দাবিতে সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান লালার সভাপতিত্বে ও রুহুল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু, ইউপি সদস্য রাসেল আহমদ টিটু, বদরুল ইসলাম, সাজ্জাদ মিয়া, রুহুল আমিন, জমির মিয়া, নিহত জুনেদুলের বাবা কনাই মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়। জুনেদুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এজন্য প্রশাসনকে সহযোগিতা করতে হবে। নিহত জুনেদুলের পরিবারের সাহায্য সহযোগিতা করতে হবে।
প্রসঙ্গত – গত ৫ই মার্চ মঙ্গলবার সকালে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর জামে মসজিদের সামনে জাহেদুল ও জুনেদুল দুই ভাইয়ের উপর অতর্কিত বর্বর হামলা করে প্রতিপক্ষ। এ হামলায় ঘটনাস্থলেই মারা না জুনেদুল। মারাত্মক আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধিন আছেন তার অপর ভাই জাহেদুল ইসলাম। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ২জন আসামিকে গ্রেফতার করেছে।