• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সিলেটে সতর্ক পুলিশ-র‍্যাব

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৩
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সিলেটে সতর্ক পুলিশ-র‍্যাব

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যাঙ ঘোষণা করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তফসিল ঘোষণা করবেন।

এমন সময়ে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর চলমান আন্দোলন কর্মসূচি উদ্বেগ বাড়াচ্ছে জনমনে। এ অবস্থায় সকল প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে সিলেটে সতর্ক ও প্রস্তুত রয়েছে পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার), পিপিএম) সিলেটভিউ-কে বুধবার বিকালে বলেন- সিলেটে কোনো বিশৃঙ্খলা হবে বলে মনে করছি না আমরা। তবু পুলিশ সতর্ক রয়েছে। সব ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ।

বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে- সিলেট মহানগর ও শহরতলির প্রতিটি মোড় এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বৃদ্ধি করা হয়েছে আইন-শৃঙ্খলাবাহিনীর টহল ও অবস্থান।

এছাড়া বিভিন্ন সড়কে রয়েছে র‍্যাব-৯ এর ‘রোবাস্ট পেট্রোল’ টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সিলেটসহ সারা দেশে পঞ্চম দফায় বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে। আজ বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

সিলেটে ৫ম দফার এই অবরোধ অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকাল থেকে স্বাভাবিক রয়েছে যান চলাচল। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও। দূরপাল্লার বাসও মাঝে-মধ্যে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে।

অপরদিকে, দুপুরের পর থেকে খুলতে শুরু করে অনেক দোকানপাট ও মার্কেট। বিকালে প্রায় ৮০ ভাগ দোকানপাট ছিলো। মহানগরের ব্যস্ততম এলাকাগুলোতে যানজট সৃষ্টি হতেও দেখা যায়।

কর্মসূচি পালনে সিলেটে বিচ্ছিন্নভাবে পিকেটিং ও রাস্তা অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে পুলিশ সতর্ক থাকায় কোনো নাশকতা করতে পারছে না তারা।