ঢাকা ও সিরাজগঞ্জ থেকে দুই চিকিৎসককে আটক করেছে পুলিশ। তারা দুজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ দুজনের মধ্যে একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৩৩ তম ব্যাচের ছাত্র।
আটকরা হলেন- সিরাজগঞ্জ জেলা ড্যাবের সদস্য সচিব ডা. আতিকুল আলম ও মাল্টিকেয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৩৩ তম ব্যাচের ছাত্র ডা. এম এ আজিজ।
তাদেরকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি অভিযোগ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা ড্যাবের সদস্য সচিব ডা. আতিকুল আলমকে সিরাজগঞ্জেরর কাজীপুরস্থ তার নিজ বাসা থেকে এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ আজিজকে ঢাকার মাল্টিকেয়ার হাসপাতালে তার পেশাগত চেম্বার থেকে ‘গায়েবি মামলা’র আসামি হিসেবে আটক করেছে পুলিশ।