• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে বিএনপি নেতা সালেহ ও দিনারকে দল থেকে বহিষ্কার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের দায়ে দুইজনকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট মহানগর বিএনপি। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ৪৯ নম্বর নির্বাহী সদস্য সালেহ আহমদ খসরু ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৪২ নম্বর নির্বাহী সদস্য দিনার খান হাসুকে বিএনপি থেকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চের শেষ জনসভা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জনসভার আগের দিন রাত সাড়ে ১১টায় রোডমার্চের দলনেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন। এসময় কেন্দ্রীয় আরও কয়েকজন নেতাসহ জেলা ও মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন পরবর্তীকালে কোনো কারণ ছাড়া দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে অশোভন আচরণ করেন খসরু ও হাসু। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কার্যকলাপের তাদের সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ‘কেন স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না’ এ মর্মে আগামী ৭ দিনের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।

এদিকে, বহিষ্কারের এ দুই চিঠি সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসুর নিকট প্রেরণের পাশাপাশি এর অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।