• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের পথে যেসব ট্রেনে মিলবে লাগেজ ভ্যান সুবিধা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৩
সিলেটের পথে যেসব ট্রেনে মিলবে লাগেজ ভ্যান সুবিধা

রেলের আয় বাড়ানোর লক্ষ্যে আন্তঃনগর ট্রেনে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো নতুন লাগেজ ভ্যান। রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের কয়েকটি রুটে এই সুবিধা চালু হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ১৬টি ট্রেনে ১৬টি লাগেজ ভ্যান যুক্ত করা হবে। এজন্য চীন থেকে ১২৫টি রেফ্রিজারেটর ও নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যান কিনেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনে আধুনিক লাগেজ ভ্যান সংযোজনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

কোন কোন ট্রেনে এই লাগেজ ভ্যান যুক্ত হবে এবং প্রারম্ভিক ও গন্ত্যবের স্টেশন ছাড়া কোন কোন স্টেশন থেকে মালামাল লোডিং ও আনলোডিং করা যাবে তা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের তথ্যমতে বিভিন্ন গন্তব্য হতে সিলেটের পথে কিংবা সিলেট হতে লাগেজ ভ্যান সুবিধা পাওয়া যেসব ট্রেন ও যেসব স্টেশন থেকে সেগুলো হলো।

১. ঢাকা-সিলেট-ঢাকা রুটের পারাবত এক্সপ্রেসে (৭০৯/৭১০) শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে;

২. সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসে (৭২০/৭২৩) শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে;

৩. চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসে (৭১৯/৭২৪) শুধুমাত্র চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও সিলেট স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে;

৪. ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসে (৭১৭/৭৪০) শুধুমাত্র ঢাকা, শায়েস্তাগঞ্জ ও সিলেট স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে;

৫. সিলেট-ঢাকা-সিলেট রুটের জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসে (৭১৮/৭৩৯) শুধুমাত্র সিলেট, শ্রীমঙ্গল ও ঢাকা স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে;

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলের আয়ের অন্যতম খাত পণ্য পরিবহন। আর এটি করা হয় লাগেজ ভ্যানের মাধ্যমে। বর্তমানে রেলওয়েতে ৪১টি মিটারগেজ ও ১০টি ব্রডগেজ লাগেজ ভ্যান আছে। সেগুলোর বেশির ভাগের অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে অনেক আগেই। ফলে পণ্য পরিবহন থেকে যথেষ্ট আয় করতে পারছে না রেলওয়ে। এখন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন করে অত্যাধুনিক ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে সরকার ২০১৮ সালের ২৬ জুন পণ্য পরিবহন ও যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক, নিরাপদ ও গুণগত মানসম্মত রোলিং বহরে স্টক যুক্ত করার লক্ষ্যে ৩ হাজার ৬০২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের (রোলিং স্টক সংগ্রহ) অনুমোদন দেয়। এর মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২ হাজার ৮৩৯ কোটি ৫৪ লাখ টাকা ঋণ দেবে। প্রকল্পের মেয়াদকাল ২০২১ সালের জুন পর্যন্ত হলেও পরে তা বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়।