• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

স্বাধীন মত প্রকাশে সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রতিবন্ধকতা করবে না: পলক

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩
স্বাধীন মত প্রকাশে সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রতিবন্ধকতা করবে না: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না। এই আইন তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে সহায়ক ভূমিকা রাখবে।

বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইকিউবেশন সেন্টার’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসবকথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। সে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে। সব অপশক্তিকে পরাজিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, ৮ একর জমির উপর ৮০ কোটি টাকা ব্যয়ে এ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপর আর এ এলাকার কোনো যুবক, যুবতীকে চাকরির পেছনে দৌড়াতে হবে না। বিদেশে যেতে হবে না। তারা এখানেই কাজ শিখে স্বাবলম্বী হতে পারবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীসহ অন্যান্যরা। প্রতিমন্ত্রী প্রকল্প এলাকায় একটি গাছের চারা রোপন করেন। এর পুর্বে তিনি বেলুন উড়িয়ে এবং কাজের ভিত্তিফলক উন্মোচন করে এই কাজের উদ্বোধন ঘোষণা করেন।