• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে আহতদের ঢাকায় প্রেরণ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে আহতদের ঢাকায় প্রেরণ

সিলেট মহানগরের মিরাবাজারস্থ দাদা পীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ৭জন ওই স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী।

আহতরা হলেন- রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।

ঘটনার পর আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলে। পরে বুধবার দুপুরে তাদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয় এবং বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।

এদিকে, বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, গতকালের (মঙ্গলবার) ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা না হওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে। কেউ মামলা না করলে পুলিশ বাদী হওয়া জিডি’র প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিদগ্ধদের ঢাকায় প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন- চারজনকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছি। আর বাকিরা স্বেচ্ছায় ঢাকায় গেছেন।