• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

যে কারণে খুন হন বিএনপি নেতা কামাল!

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৭, ২০২২
যে কারণে খুন হন বিএনপি নেতা কামাল!

নিজস্ব প্রতিবেদক ::

সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল ব্যবসায়িক বিরোধের জেরে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় কামালকে। তিনি জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। তাঁর বাড়ি নগরের সুবিদবাজার এলাকায়। এ ঘটনায় বিএনপির স্থানীয় এক নেতা জড়িত বলেও ধারণা করছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘নিহত কামালের ট্রাভেল এজেন্সির ব্যবসা ছিল। ব্যবসা নিয়ে নগরীর কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ১৫ অক্টোবর নগরের জিন্দাবাজার এলাকার আল মারজান শপিং সেন্টারের সামনে দুই পক্ষের হাতাহাতির ঘটনাও ঘটে। হাতাহাতির পরদিন কামালসহ কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন বিএনপি নেতা আজিজুর রহমান সম্রাট। মহানগরের বড়বাজার এলাকার বাসিন্দা এই সম্রাট। আজকের হত্যাকাণ্ড ওই এলাকাতেই ঘটেছে। ব্যবসাসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।’

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, ‘রোববার রাতে বড়বাজার এলাকায় নিজের প্রাইভেটকারে বসা ছিলেন কামাল। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এমএজি ওসমানী মেডিক্যালে নেয়ার পর তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিসিটিভির ফুটেজ দেখে খুনিদের শনাক্ত : বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভির ফুটেজ দেখে হত্যাকাণ্ডে অংশ নেয়া যুবকদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ । তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা দায়ের হয়নি। সোমবার (০৭ নভেম্বর) ময়নাতদন্থ শেষে লাশ পরিবারে কাছে হস্থান্তর করা হবে বলে সিলেটের এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির এ তথ্য জানিয়েছেন।