• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পরীমনিকে নিয়ে নতুন করে ভাবছে শিল্পী সমিতি

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২১

বিনোদন ডেস্ক ::

কারাবাসের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তবে এ নায়িকা গ্রেপ্তারের পরদিনই চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ স্থগিত করে। সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। কিন্তু পরীর মুক্তির পর নতুন করে ভাবছে শিল্পী সমিতি।

মিশা সওদাগর এখন ঢাকার বাইরে আছেন। তিনি ঢাকায় এলেই বিষয়টি নিয়ে সমিতি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। যদিও এ চিত্রনায়িকা মুক্তির দিন কারাফটকে তার সঙ্গে দেখা করতে যাননি চলচ্চিত্র অঙ্গনের কেউই। এমনকি দুদিন পার হলেও কেউ তার খোঁজ নেয়নি বলে জানা গেছে। তবে পরীর মুক্তিতে সন্তুষ্ট অনেক শিল্পীই।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমার মা হাসপাতালে ভর্তি, তাই ইচ্ছা থাকলেও যেতে পারিনি। সভাপতি মিশা ভাই ঢাকার বাইরে শুটিং করছেন। তবে পরীমনি কারাগার থেকে মুক্তি পাওয়ায় একজন শিল্পী হিসেবে আমি স্বস্তি প্রকাশ করছি। সংগঠনের কেউ যাওয়াটাই কি সব কিছু? এটা বড় কথা নয়। আমরা তার পাশে আছি।’

শিল্পীর পাশে থাকার কথা বললেও পরীর কারাভোগের সময় সমিতির কোনো নেতা তার সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি জ্যেষ্ঠ শিল্পীদের নাম ব্যবহার করে পরীর সদস্যপদ স্থগিতাদেশ দেওয়ার অভিযোগ আছে এই সমিতির বিরুদ্ধে।