• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ: প্রচারণায় মমতাজের গান

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৮

 ‘আরে দিন এসেছে আজ/ এগিয়ে যাওয়ার/ মাঠজুড়ে মানুষের জোয়ার/ ফ্রি কিকে হেডে পাসে/ জোরালো শটে/ গোল হবে খেলা জমবে আবার।’

মমতাজ। বাংলাদেশের প্রেক্ষিতে নামটি বলার পর আর কোনো বিশেষণ দিতে হয় না। আপামর মানুষের কাছেই পরিচিত এই ফোক স¤্রাজ্ঞী। তুমুল জনপ্রিয় এই গায়িকাই বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরের জন্য গেয়েছেন প্রতিবেদনের শুরুতে উল্লেখিত ওই থিম সংটি। গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর করেছেন অদিত।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর। ছয়টি দেশের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্টের গ্রুপপর্বের সবকয়টি ম্যাচই হবে সিলেট জেলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে জমজমাট করতে সিলেটে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পদক্ষেপের সর্বাগ্রে রয়েছে প্রচারণার বিষয়টি। ক্রীড়াপ্রেমীদের আগ্রহ বাড়াতে প্রচারণায় মমতাজের গাওয়া থিম সংটি ব্যবহার করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধু গোল্ডকাপকে কেন্দ্র করে সিলেটে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়ে গেছে। সিলেট ক্যাবল সিস্টেমে এই ফুটবল টুর্নামেন্টের প্রচারণামূলক বিজ্ঞাপন চলছে।

বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম সিলেটভিউকে বলেন, ‘আমরা ইতিমধ্যেই প্রচারণা শুরু করে দিয়েছি। আগামী ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে আরো জোরালো প্রচারণা শুরুর আশা করছি।’

বঙ্গবন্ধু গোল্ডকাপের স্বত্ব পেয়েছে কে-স্পোর্টস। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিমের কণ্ঠে আশাবাদ, ‘মমতাজের গাওয়া এই থিম সং জেলায় জেলায় বাজবে। এর মধ্যে দিয়ে সারাদেশে টুর্নামেন্ট নিয়ে জাগরণ তৈরি হবে।’

১৯৯৬ সালে শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের এবার পঞ্চম আসর বসতে যাচ্ছে। অক্টোবরের ১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। শুরুটা হবে সিলেটে, ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এরপর সেমিফাইনাল কক্সবাজারে, ঢাকায় হবে ফাইনাল। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ফিলিস্তিন, লাওস, ফিলিপাইন, তাজিকিস্তান ও নেপাল। দেশের নামই বলে দিচ্ছে, এবার এশিয়া অঞ্চলের দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও আসিয়ান অঞ্চল থেকে অংশগ্রহণকারী দেশগুলো নির্বাচন করা হয়েছে।

বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে বলছিলেন, ‘এশিয়ার প্রতিটি অঞ্চল থেকে আমরা একটা করে দল নিয়ে এসেছি। যাতে সবাই এশিয়ান ফুটবলের স্বাদ পেতে পারেন।’

গত ১ সেপ্টেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরের ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস। ‘এ’ গ্রুপের তিন দল হলো ফিলিস্তিন, তাজিকিস্তান ও গত আসরের চ্যাম্পিয়ন নেপাল।

সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম জানিয়েছেন, বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য সিলেট জেলা স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত রয়েছে। টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলোর থাকার জন্য রোজভিউ হোটেল, স্টার প্যাসিফিক হোটেল ও নির্ভানা-ইন হোটেলের নাম প্রস্তাব করা হয়েছে।

এই টুর্নামেন্টের ম্যাচের টিকেট কোথায় বিক্রি হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি বলে জানিয়েছেন তিনি।

বঙ্গবন্ধু গোল্ডকাপের সবকয়টি ম্যাচ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।