বি৭১নি ডেস্ক ::
সিলেটের বিশ্বনাথে বৃদ্ধ কৃষককে গ্রেফতার করে বাড়ি থেকে থানায় নিয়ে হাড় গুঁড়ো করবেন বলে হুমকি দিলেন থানার এসআই অরূপ। এমন অভিযোগ এনে মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের কৃষক মনির আলী (৭০)।
তিনি তার অভিযোগে উল্লেখ করেন- গত ৮ মে তার চাচাতো ভাই আব্দুর রহমান ও আব্দুস সোবহানের মধ্যে মারমারির ঘটনা ঘটে। তখন তিনি গ্রামের মসজিদে এতেকাফে ছিলেন। ওই ঘটনায় ১০ মে আব্দুর রহমানের ছেলে সাদিকুর রহমান (২৯) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার ৬ দিনের ভেতরে ১৩ মে কৃষকের বড়ছেলে মনসুর আলীর (২৫) সঙ্গে আরেক দফা মারামরির ঘটনা ঘটে ওই মামলার বাদী সাদিকুর রহমান ও হুসিয়ার আলী নামের একজনের। তিনি এতেকাফ থেকে বের হয়ে ঘটনা শুনে গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।
সাদিকুর রহমানের ওই মামলায় ২১ মে গ্রেফতার হন আব্দুস সোবহানের ছেলে জাহেদ মিয়া (২৫)। গ্রেফতারের পর জাহেদ মিয়াকে দেখতে থানায় যান কৃষক মনির আলী। এ সময় তার সঙ্গে ছেলে মনসুর আলীও ছিলেন। একপর্যায়ে ১৩ মের ঘটনায় ছেলে মনসুর আলীকে গ্রেফতার করে কৃষক মনির মিয়াকে চলে যেতে বলেন এসআই।
এ ঘটনায়ও সাদিকুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। তার ছেলের বিরুদ্ধে ওই মামলার বিষয়টি জানতেন না কৃষক মনির আলী। ছেলে গ্রেফতার হলে বিষয়টি বুঝিয়ে বলার পরও তাকে গালিগালাজ করে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে হাড় গুঁড়ো করার হুমকি দেন এসআই অরূপ।
এসআইয়ের এমন আচরণ আর ছেলেকে গ্রেফতার করায় তিনি হতভম্ব হয়ে থানাতেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় থানায় মামলার বাদী সাদিকুর রহমান ও মেম্বার পাভেল সামাদ উপস্থিত ছিলেন।
অভিযোগে কৃষক মনির আলী উল্লেখ করেন, মামলার বাদী সাদিকুর রহমান ও মেম্বার পাভেল সামাদের মদদে এসআই অরূপ তার ছেলেকে গ্রেফতার এবং তাকে হাড় গুঁড়ো করার হুমকি দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে এসআই অরূপ মোবাইলে ফোনে বক্তব্য দিতে নারাজ। তিনি বলেন, সারাসরি দেখা হলে কথা বলবেন।
আর মেম্বার পাভেল সামাদ তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।