বি৭১নি ডেস্ক ::
বিভিন্ন উৎসব আয়োজনে নতুন গান প্রকাশ করেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী। গত ঈদেও প্রকাশ হয়েছে তার নতুন গান। স্টেজ শো বন্ধ থাকার কারণে এখন অডিও গান তৈরিতে ব্যাপক সময় দিচ্ছেন এ গায়িকা। পাশাপাশি নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। নিজ কণ্ঠে ও অর্থায়নে একটি গানের অ্যালবাম প্রস্তুত করার প্রস্তুতি শুরু করেছিলেন চলতি বছরের প্রথমদিকে।
কাজ শুরু করার সময়টাতেই করোনা পরিস্থিতির অবনতি হয়। তাই এ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে আসেন ন্যান্সী। কবে নাগাদ এটি বাস্তবায়ন করবেন সে প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিকল্পনা বাতিল করিনি এখনো। করোনা পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলেই এ প্রজেক্টের কাজ শুরু করব।’ এদিকে গত ঈদের পর নতুন গান এখনো শুরু করেননি এ সংগীতশিল্পী। এ মাসে সর্বশেষ ‘শুকনো মোমবাতি’ নামের নতুন একটি একক গান প্রকাশ হয় তার।
এ ছাড়া হাবিব ওয়াহিদের সঙ্গে চলতি মাসের প্রথম দিন নতুন একটি গান প্রকাশ হয়েছে। আগামী কুরবানির ঈদ উপলক্ষ্যে একই গায়কের সঙ্গে তিনটি নতুন গান প্রকাশ হবে তার। পাশাপাশি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের ব্যানারে দশটি গানে কণ্ঠ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ন্যান্সী। ছয়টি গানের কাজ শেষ করেছেন তিনি। বাকি চারটি গান জুনেই সম্পন্ন করার পরিকল্পনা আছে তার।