নিজস্ব প্রতিবেদক ::
সিলেট নগরী ও আশেপাশে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শনিবার ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বারবার ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
শবিবার সকাল ১০টা ৩৬ মিনিটে সিলেট নগরীতে ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরমাত্র ১৪ মিনিটের মাথায় অর্থাৎ ১০টা ৫০ মিনিটে ৪.১ মাত্রায় আবারো হয় ভূমিকম্প। এর কিছু সময় যেতে না যেতেই সকাল সাড়ে ১১টায় ২.৮ মাত্রায় আরেকদফা ভূমিকম্প হয় সিলেট নগরী ও আশেপাশে। আর সর্বশেষ বেলা ১টা ৫৮ মিনিটে রিখটার স্কেল ৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয় নগরীতে।
এ ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম জানিয়েছেন, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। আগামী ৩/৪ দিন সিলেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, সিলেটে চারবার ভূমিকম্প হয়েছে। তবে আবহাওয়া অফিস ৪ বার ভূমিকম্পের কথা বললেও অনেকে ৫/৭ বার ভূমিকম্প হয়েছে বলে ফেসবুকে লেখালেখি করছেন। এক্ষেত্রে আবহাওয়া অফিসের বক্তব্য হল-রিখটার স্কেল ২ মাত্রার নিচে ভূমিকম্প হলে সেটি গণনা করা হয় না। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের জৈন্তা বলে জানা গেছে।