নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জৈন্তাপুরের পাখিবিল গ্রামের অটোরিকশাচালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশুসন্তান শাহাদত হোসেন, সাত বছরের মেয়ে সাবিয়া বেগম ও মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)।
এ ছাড়া গুরুতর আহতরা হলেন— রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাশুর মো. জাকারিয়া (৫০) ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)।
পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। অপর দিকে স্বজনের মৃত্যুর খবর পেয়ে অটোরিকশায় জৈন্তাপুরে যাচ্ছিলেন পাঁচজন।
পথে ফেরিঘাট নামক স্থানে যাওয়ার পর গ্রামের ভেতরের রাস্তা থেকে অটোরিকশাটি সিলেট-তামাবিল সড়কে ওঠার সময় একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
গুরুতর আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।