• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জিম্বাবুয়ে পাকিস্তানকে হারানোর সহজ সুযোগ হাতছাড়া করল

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১

বি৭১নি ডেস্ক ::
পাকিস্তানকে হারানোর সহজ সুযোগ হাতছাড়া করল জিম্বাবুয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পায় পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৯৯ রানে গুঁড়িয়ে দিয়ে বাবর আজমদের বিপক্ষে প্রথম জয়ের ইতিহাস গড়ে জিম্বাবুয়ে। দুই দলের মধ্যকার ১৬তম ম্যাচে এসে প্রথম জয় পায় জিম্বাবুয়ে।
রোববার পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়ে ছিল স্বাগতিক জিম্বাবুয়ে। কিন্তু শেষদিকে মাত্র ৪০ রানে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তাড়ায় ২৪ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে।
১৩ ওভারে এক উইকেটে ১০১ রান করে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল জিম্বাবুয়ে। জয়ের জন্য শেষ ৪২ বলে প্রয়োজন ছিল মাত্র ৬৫ রান। হাতে ছিল ৯ উইকেট।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট শিকার করেন পেসার হাসান আলী। এছাড়া ২ উইকেট নেন হারিস রউফ।
রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে ৩৫ রানে ওপেনার শারজিল খানের উইকেট হারায় পাকিস্তান। তিনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে ১২৬ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান।
৪৬ বলে ৫টি চারের সাহায্যে ৫২ রান করে ফেরেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এদিন ফিফটি রান করার মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্রুততম (মাত্র ৫২ ইনিংসে) দুই হাজার রানের রেকর্ড গড়েন বাবর আজম।
ইনিংসের শুরু থেকে শেষ বল পর্যন্ত খেলে ৬০ বলে ৫টি চার ও তিন ছক্কায় ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। তার অনবদ্য ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৬৫ রান করে পাকিস্তান।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪১ রান করে জিম্বাবুয়ে।