• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারতের প্রার্থনায় শোয়েবের টুইট

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১

বি৭১নি ডেস্ক ::
ভারতে করোনার সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। প্রতিদিন সেদেশে মৃত্যু হচ্ছে প্রায় দুই হাজার মানুষের।
কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত, শ্মশানে জায়গা না থাকায় গণচিতায় জ্বলছে লাশ।
সেই সঙ্গে সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। প্রতিবেশী দেশের এমন ঘোরতর দুঃসময়ে ভারতের জনগণের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন শোয়েব আখতার।ভারতের জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন তিনি।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক এই পাকিস্তানি ফাস্ট বোলার আশা করেন, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
এক টুইটবার্তায় শোয়েব বলেছেন, ‘ভারতের জনগণের জন্য প্রার্থনা করছি। তারা যেন শিগগিরই এই বিপদ থেকে পরিত্রাণ পায়। আমরা তাদের পাশে আছি।’
ভারতীয়দের জন্য শোয়েব আখতারের এই প্রার্থনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মিশ্রপ্রতিক্রিয়া চলছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে।
তার এই সহানুভুতি ও প্রার্থনাতে খুশি হয়েছেন অনেক ভারতীয়। অনেক পাকিস্তানিও শোয়েবের প্রশংসা করছেন। তাকে এই বার্তার জন্য ধন্যবাদ দিয়েছেন।
কেউ কেউ আবার বিষয়টি ভালো চোখে দেখছেন না। বিরূপ মন্তব্যও ছুড়েছেন কেউ কেউ।