বি৭১নি ডেস্ক ::
দুই বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেতে পারতেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই নিজের দশম সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে এসেছেন তিনি। ৯০ রান করে বিশ্ব ফার্নান্দোর শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।
লঙ্কানদের বিপক্ষে টেস্টে তামিমের শতকের আক্ষেপ বাড়ল। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে সবশেষ ১২৬ রানের বড় ইনিংস খেলেছিলেন তামিম।
তবে এই ম্যাচে টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকের আসনে বসেছেন তামিম। মাঠে নামার আগে তামিমের রান ছিল ৪ হাজার ৫০৮, অন্যদিকে মুশফিকুর রহিমের রান ছিল ৪ হাজার ৫৩৭। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গাও নিজের করে নিয়েছেন তিনি।
টসে জিতে ব্যাট করতে এসে স্বাগতিক বোলারদের ওপর চটে বসেন তামিম। একের পর এক চারে ওয়ানডে মেজাজে খেলতে দেখা যায় তাকে। মাত্র ৫২ বলে ১১ চারের মারে তামিম অর্ধশতক ছুঁয়ে যান। এরপর নিজেকে কিছুটা গুটিয়ে নেন তিনি। উইকেটের সঙ্গে ধীরে ধীরে দেখে শুনে ব্যাট চালান। প্রথম সেশনের পর আবারও রান তুলতে থাকেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৯০ রানের মাথায় বিধ্বংসী হয়ে ওঠা এই ওপেনারকের স্লিপে তালুবন্দি করে সাজঘরে ফেরান লাহিরু থিরিমান্নে।