• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তৎপর পুলিশ, লকডাউনে জনসমাগম কম

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১
তৎপর পুলিশ, লকডাউনে জনসমাগম কম

নিজস্ব প্রতিবেদক :: কঠোর লকডাউনের চতুর্থ দিন শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জনসমাগম দেখা গেছে কম। তবে নগরীর মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা তৎপর হয়ে ভূমিকা পালন করতে দেখা গেছে। তবে, অলি গলিতে ভাসমান পণ্য বিক্রেতাদের তৎপরতা ছিলো আগের তিন দিনের চেয়ে একটু বেশী। সেই সাথে সিলেটের গুরুত্বপূর্ণস্থানে হকারদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
এছাড়া নগরীতে রিকশা ও সিএনজি অটোরিকশা বিচ্ছিন্নভাবে চলাচল করতে দেখা গেছে। মহানগর এলাকায় বিভক্ত হয়ে টহল দেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযানও চালিয়ে যাচ্ছে পুলিশ। সরকারের নির্দেশনা না মেনে যারা বের হয়েছে তাদেরকে পুলিশ কোনভাবেই ছাড় দিচ্ছে না। এমনকি তাদেরকে সর্তক করেও দিতে দেখা যায়।
শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরীর চৌহাট্টা, আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, দক্ষিণ সুরমার কদমতলী, সোহবানীঘাট, মেডিক্যাল রোড, সুবিদবাজার, মদিনা মার্কেট, পাঠানটুলা এলাকায় পুলিশের নজরদারি ছিলো চোখে পড়ার মতো। এছাড়া নগরীতে মোটরসাইকেল, প্রাইভেট যানবাহন, সিএনজি অটোরিকশা নিয়ে চলাচল করায় তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মামলারে পাশাপাশি জরিমানাও করেছে।
চলমান লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে বাহির হওয়ার কারণে তাদেরকে পুলিশের জেরার মুখে পড়তে হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর দিতে না পারায় পুলিশ তাদেরকে বাড়িতে ফেরত পাঠায়। এছাড়া নির্দেশনা না মানায় সিএনজি অটোরিকশা ও রিকশা থেকে যাত্রীদেরকে নামিয়ে দেয় পুলিশ। এদিকে, গত তিনদিনের মতো শনিবার (১৭ এপ্রিল) নগরীর মূল সড়কে জনসমাগম ও জনসাধারণের চলাচল কম থাকলেও অলি-গলিতে লোকজনের উপস্থিতি দেখা মিলছে অনেক বেশি। লকডাউনের চতুর্থ দিনে সিলেট মহানগরের সবকটি কাঁচাবাজার, মুদির দোকান ও ওষুধের দোকান খোলা থাকলেও বিপণীবিতান, মার্কেটসহ সকল ফ্যাশন হাউজ বন্ধ রয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট পরিচালিত হচ্ছে। যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করবেন, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে বের হবেন এবং স্বাস্থ্যবিধি মানবেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার জন্য এবং স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধও করছে পুলিশ।