• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমার মায়ের অবস্থা ক্রিটিক্যাল, সবাই দোয়া করবেন

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১
আমার মায়ের অবস্থা ক্রিটিক্যাল, সবাই দোয়া করবেন

বি৭১নি ডেস্ক ::
করোনাভাইরাসে আক্রান্ত অভিনেত্রী সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার ছেলে শাকের চিশতী।
বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘আমার মা বিকাল থেকে ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এর বেশি কিছু বলতে পারছি না, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
গত এক সপ্তাহ ধরে তিনি রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করলে ৫ এপ্রিল কবরী জানতে পারেন তার শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছে। এরপর সেদিন রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় কর্তৃপক্ষ সেটা দিতে পারছিল না। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, ১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় এ অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন তিনি। সর্বশেষ সরকারি অনুদানে নির্মিত ‘এই তুমি সেই তুমি’ নামে একটি ছবি পরিচালনা করেছেন।
বর্তমানে ছবিটি সম্পাদনার টেবিলে রয়েছে। এরই মধ্যে নতুন ছবি নির্মাণের প্রাথমিক কাজও শুরু করে দিয়েছেন বলে কয়েক দিন আগে জানিয়েছেন। জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।