বি৭১নি ডেস্ক ::
বন্ধুদের সঙ্গে শখ করে বাড়ির পাশের সড়কে সাইকেল চালাতে গিয়ে বালুবাহী ট্রাকের চাপায় মো. শাহীন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
ফেনী সদর মডেল থানার ওসি নিজাম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা যায়নি। নিহত শাহীন ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তার পরিবার ফেনীর রানীরহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
বিকাল ৩টার দিকে শিশুটি বাসা থেকে বের হয়ে স্থানীয় রানীরহাট বাজার থেকে একটি সাইকেল ভাড়া নিয়ে ফেনী-ছাগলনাইয়া সড়কে চালাচ্ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান,৩টার দিকে শিশুটি বাসা থেকে বের হয়ে স্থানীয় রানীরহাট বাজার থেকে একটি সাইকেল ভাড়া নিয়ে ফেনী-ছাগলনাইয়া সড়কে চালাচ্ছিল। এ সময় একটি বালুবাহী ট্রাক শিশুটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
একই স্থানে বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর হাসপাতাল থেকে করোনা টিকা দিয়ে বাসায় ফেরার পথে গাড়িচাপায় ইঞ্জিনিয়ার রুবেল কুমার দেব (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত শিশুর বাবা আবদুল মোতালেব বলেন, তার ছেলে বাসায় কাউকে কিছু না জানিয়ে শখ করে সাইকেল চালাতে চলে যায়। সাইকেল চালানোর শখই তার জীবন কেড়ে নিয়েছে।