• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চুল-দাড়ি কেটেও রক্ষা পেলেন না বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুরকারী সেই যুবক

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
চুল-দাড়ি কেটেও রক্ষা পেলেন না বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুরকারী সেই যুবক

বি৭১নি ডেস্ক ::
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের ঘটনায় অভিযুক্ত মো. আরমান আলিফকে (২২) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব।
সোমবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এ তথ্য জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়াতে আরমান চুল-দাঁড়ি কামিয়ে ফেলেছিলেন। রোববার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটক আরমান জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে। তবে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ায় ভাড়া থাকতেন।
চুল-দাড়ি কেটে আরমান আলিফ নিজেকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় আর রক্ষা পেলেন না। অবশেষে র‌্যাবের হাতে আটক হয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, আরমানের দেওয়া তথ্যমতে জেলা শহরের কাজীপাড়া মহল্লার ভাড়াবাসা থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের কাজে ব্যবহৃত শাবলটি উদ্ধার করা হয়। এছাড়া তার বাসা থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও ছবি দেখে আরমানকে শনাক্ত করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জতির পিতার ম্যুরাল ভাংচুরের মাধ্যমে সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে র‌্যাব।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মো. যোবায়ের উপস্থিত ছিলেন।