• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ম্যাচে ঘুরে দাঁড়াল শ্রীলংকা

bijoy71news
প্রকাশিত মার্চ ২৫, ২০২১

বি৭১নি ডেস্ক ::
ওয়েস্ট ইন্ডিজের মুঠোয় চলে যাওয়া ম্যাচে ঘুরে দাঁড়াল শ্রীলংকা। ইনিংস পরাজয় এড়ানোটাই যেখানে বড় লক্ষ্য ছিল, সেখানে এখন জয়ের স্বপ্ন দেখছেন তারা।
তিন ব্যাটসম্যানের ব্যাটে ভর করে এমনটি সম্ভব হয়েছে। অভিষিক্ত পাথুম নিশাঙ্কা ও ওশাদা ফার্নান্দোর পরে নিরোশান ডিকভেলার অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলংকা।
ফলে জয়ের জন্য ক্যারিবীয়দের এখন করতে হবে ৩৭৫ রান, যা চতুর্থ ইনিংসে প্রায়ই অসম্ভব।
১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলংকা আট রানে হারিয়েছিল প্রথম উইকেট। অসাধারণ দুটি জুটিতে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মঙ্গলবার অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন করেন লংকানরা। প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে তৃতীয় দিন শেষে তারা এগিয়েছিল ১৫৩ রানে। হাতে ছিল ছয় উইকেট।
চার উইকেটে ২৫৫ রানে বুধবার চতুর্থ দিন শুরু করে শ্রীলংকা। এদিন পাথুম নিশাঙ্কা সেঞ্চুরি হাঁকান। ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ওশাদা। তবে তার ১৪৯ বলে ৯১ রানের ইনিংস খেলার মোড় ঘুরিয়ে দেয়। এর পর নিরোশান ডিকভেলা খেলেন অনবদ্য এক ইনিংস। তিনি মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ১৬৩ বলে মোকাবিলা করে ৯৬ রানে থামে তার ইনিংস।
এ তিন ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪৭৬ রান স্কোরবোর্ডে জমা করে শ্রীলংকা।
ক্যারিবীয়দের হয়ে কেমার রোচ ৩টি, রাকিম কর্নওয়াল ৩টি, কাইল মায়ার্স ২টি এবং অ্যালজারি জোসেফ নেন ১টি উইকেট।
৩৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ রান করে আউট হয়েছেন জন ক্যাম্পবেল।
অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও এনক্রুমাহ বোনার।
পঞ্চম দিনে ৯ উইকেট ফেলে দেওয়ার লক্ষ্যে নামবে সফরকারীরা।