• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেহেদি যা দেখালেন তা রীতিমতো অবাক করা

bijoy71news
প্রকাশিত মার্চ ২৩, ২০২১

বি৭১নি ডেস্ক ::
তামিম-মিঠুনের ব্যাটে লড়াকু পুঁজি পেয়েছিল টাইগাররা। সেটি কাজে লাগানোর চেষ্টায় রয়েছেন বোলাররা। শুরুতেই মোস্তাফিজের আঘাত। এরপর বোলিংয়ে এসে তরুণ স্পিনার মেহেদি হাসান যা দেখালেন তা রীতিমতো অবাক করা।
নিজের পরপর দুই ওভাবে দুই উইকেট তুলে নেন। এতে কিছুটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।
ইনিংসের নবম ওভারে প্রথমবারের বোলিং আক্রমণে আনা হয় মেহেদিকে। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই তিনি সরাসরি বোল্ড করে দিয়েছেন বাঁহাতি ওপেনার হেনরি নিকলসকে।
নিজের পরের ওভারের পঞ্চম বলে উইল ইয়ংকেও সরাসরি বোল্ড করেছেন মেহেদি। মিডল স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি স্কুপ করতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন ইয়ং। যার ফলে এখন ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৫৩ রান।
এর আগে মোস্তাফিজের বলে দলীয় ২৮ রানের মাথায় ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মার্টিন গাপটিল। পঞ্চম ওভারেই বিপজ্জনক মার্টিন গাপটিল বিদায় নেন। বিদায় নেওয়ার আগে অবশ্য মেরে খেলার চেষ্টা করছিলেন কিউই ওপেনার। পঞ্চম ওভারে মোস্তাফিজের বলে মারেন দুটি চার। যে বলটিতে তিনি আউট হয়েছেন সেটি অবশ্য ঠিকমতো বুঝতে পারেননি। লিডিং এজ হয়ে বল ওপরে উঠলে মোস্তাফিজ নিজেই দৌড়ে ক্যাচ নেন। ২৪ বলে গাপটিল ফেরেন ২০ রানে।
এর আগে ব্যাট হাতে ২৭১ রানে সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ। ৭৮ রান করেছেন অধিনায়ক তামিম। অর্ধশতকের দেখা পেয়েছেন মিঠুন।
ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড স্কটল্যান্ডের। ২০১৪ সালের ৩০ জানুয়ারি কেনিয়ার ১০ উইকেটে তোলা ২৬০ রান টপকে ৩ উইকেটের দারুণ জয় পেয়েছিল স্কটিশরা।
ফলে আজ বাংলাদেশ দল ২৭১ রান করায় এ মাঠের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে জিততে হবে নিউজিল্যান্ডকে।