বি৭১নি ডেস্ক ::
আজ ২২ মার্চ বিশ্ব মূকাভিনয় দিবস। সর্বকালের সেরা মূকাভিনেতা মার্সেল মার্সোর জন্মদিনকে সারা বিশ্বে আন্তর্জাতিক মূকাভিনয় দিবস হিসেবে পালন করা হয়।
বিশ্বখ্যাত এই শিল্পী ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টার্সবুর্গ শহরে জন্মগ্রহণ করেন।
বিশ্বখ্যাত মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারে হাত ধরে দেশে এই শিল্পটির আগমন ঘটে। তিনি ফ্রান্স প্রবাসী হলে পরে পর্যায়ক্রমে কাজী মশহুরুল হুদা, জিল্লুর রহমান জন, রটি, মিঠু এদের হাত ধরে বাংলাদেশের মূকাভিনয় এগুতে থাকে। কিন্তু তারাও প্রবাসী হলে দেশে শিল্পটির ধারাবাহিক চর্চা ব্যাহত হয়। নতুন শতকের শূন্য দশকের শুরুতে এসে শিল্পটির প্রেমে পরেন নিথর মাহবুব।
তিনি তার পরিশ্রম আর চেষ্টায় নতুন প্রজন্মের সঙ্গে দেশের গুণী প্রবাসী মূকাভিনয় শিল্পীদের মেলবন্ধন তৈরি করেন এবং গুণী এই শিল্পীদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করে হয়ে উঠেন দেশের অন্যতম মূকাভিনয় শিল্পী। তার একের পর এক মূকাভিনয় কর্মশালা পরিচালনা আর নান্দনিক কাজের সুবাদে সমৃদ্ধ হতে থাকে দেশের মূকাভিনয় শিল্প। নিথর মাহবুব মূকাভিনয়ে প্রাথমিক জ্ঞান লাভ করেন নাট্যজন জাহিদ রিপনের কাছে।
নিথর মাহবুব ২০০৮ সাল থেকে ঢাকায় মাইম আর্ট নামে একটি মূকাভিনয় দল পরিচালনা করে আসছেন। এই দলের মাধ্যমে তৈরি হয়েছে তরুণ প্রজন্মের বেশ কিছু দক্ষ মূকাভিনয় শিল্পী।
এ প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, ‘অনেক শ্রম ও সাধনার পর মূকাভিনয় শিখতে পেরেছি আমি। তবে গুরুজনদের শুভ কামনা এবং অনেকের সহযোগিতায় এই কাজটি করে যাচ্ছি। যতদিন বেঁচে আছি ততদিনই কাজটি করে যেতে চাই।’
মূকাভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেন নিথর মাহবুব।