• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক বিষ্ণু প্রসাদকে নেওয়া হলো ঢাকায়

bijoy71news
প্রকাশিত মার্চ ১৬, ২০২১

বি৭১নি ডেস্ক ::
সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সঙ্গে তার মা, ছোট ভাই ও বোনজামাই ঢাকায় গেছেন। সেখানেই তার উন্নত চিকিৎসা চলবে।
বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী কালের কণ্ঠ, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টর ও ইউএনবি বাগেহাট জেলা প্রতিনিধি।
গত ৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেওয়ার পর শরীরে নানা উপসর্গ দেখা দেয় সাংবাদিক বিষ্ণু প্রদাসের। পরে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা নেওয়ার পরও তিনি সুস্থ হননি।
সাংবাদিক বিষ্ণু সহকর্মীদের জানান, গত এক মাসে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরেও নির্দিষ্ট করে কোনো রোগ শনাক্ত না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর আসনের এমপি শেখ তন্ময়, জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় তাকে জরুরিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোচ্ছাবিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহাসহ সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকরা বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।