• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘করোনাকাল’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত মার্চ ১৪, ২০২১
‘করোনাকাল’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

বি৭১নি ডেস্ক ::
বিশ্ব মহামারি করোনার ছোবল থেকে রক্ষার কৃতিত্ব সরকারের পাশাপাশি দেশের সব মানুষের বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, শুরু থেকেই সরকার করোনা প্রতিরোধে করণীয় প্রচারে সচেতন, গুজব রোধে সচেষ্ট এবং প্রয়োজনীয় সেবা ও সুবিধা নিশ্চিতে সহযোগী ছিল।
সিডিসি ও সেফটিনেট প্রযোজিত প্রিয়তা ইফতেখার পরিচালিত তথ্যচিত্র ‘করোনাকাল’-এর প্রিমিয়ার শোতে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ বলেন, করোনাকাল এখনও শেষ হয়নি। তবে আমরা প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কারণে প্রথম ধাপেই ভ্যাকসিন পাওয়ায় করোনা প্রতিরোধে এগিয়ে আছি। ভ্যাকসিন নিলেও সতর্কতা অবশ্যই পালন করতে হবে বলেও জানান তিনি। সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা এবং বারবার হাত সাবান-পানি দিয়ে ধোয়ার অভ্যাসটা নিয়মিত চর্চায় রাখতে হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও সাউথ-ইস্ট এশিয়া ফিল্ড এপিডেমিওলজি অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্কের (সেফটিনেট) যৌথ প্রয়াসে ভিডিওচিত্রটি নির্মাণ ও প্রদর্শনীর আয়োজন করেছেন দ্য ফ্লাগ গার্ল খ্যাত প্রিয়তা ইফতেখার।
উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মিডিয়া ও চলচ্চিত্র এবং শিল্প-বাণিজ্য খাতের স্বনামখ্যাত ব্যক্তিরা। এছাড়া ‘করোনাকাল’ প্রামাণ্য চিত্রের নির্মাতা, কলাকুশলী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।