• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দু’জনের চলার পথের গল্প

bijoy71news
প্রকাশিত মার্চ ১৪, ২০২১
দু’জনের চলার পথের গল্প

বি৭১নি ডেস্ক ::
ব্যক্তি জীবনের নানা ঝুটঝামেলা কাটিয়ে অভিনয়ে নিয়মিত হয়েছেন সারিকা। কাজ করছেন নাটকে। অন্যদিকে আব্দুন নূর সজল অভিনয়ে নিয়মিত। ক্যারিয়ারের শুরু থেকে সজলের সঙ্গে জুটি বেঁধে অনেক কাজ করেছেন সারিকা। মাঝে বিরতির পর ফিরতি যাত্রায়ও জুটি বেঁধেছেন সে সজলের সঙ্গেই। গত কয়েকমাসে বেশ কয়েকটি নাটকে তারা একসঙ্গে অভিনয় করেছেন।
বলা যায়, এ দু’জনের রসায়ন বেশ জমে উঠেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘কাগজের মানুষ’ নামে একটি নাটকে কাজ করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মো. রবিউল সিকদার। গেল সপ্তাহে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, অন্ধকার থাকতেই আসমা বেগম কাজে বেরিয়ে পড়ে। রাজধানী শহরের রাস্তা পরিষ্কার করার কাজ করেন আসমা। মেয়ে সায়মার বিশ্ববিদ্যালয় ভর্তির টাকা জোগাড় করতে মরিয়া সে। এক সময় পরিচয় হয় পেপার বিক্রেতা সাবুর সঙ্গে। সাবুও অনেক সংগ্রাম করেই জীবন চালাচ্ছে। সকালে পেপার বিক্রি করে বিকালে টিউশনি করে।
এ দু’জনের চলার পথের গল্প নিয়েই এ নাটক। নাটকে পেপার বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন সজল এবং আসমা চরিত্রে দেখা যাবে সারিকাকে। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘যেহেতু একজন পেপার বিক্রেতার চরিত্র, তাই খুব ভোর বেলায় শুটিং করতে হয়েছে। এ নাটকের গল্প জীবন ঘনিষ্ঠ গল্প। আমার বিশ্বাস নাটকটির জন্য ভালো সাড়া পাব।’ সারিকা বলেন, ‘গল্পের কারণেই মূলত এ নাটকে আমার কাজ করা। আমার সহশিল্পী হিসাবে সজল ভাইকে পেয়েছি। আশা করছি এটি দর্শকের কাছে ভীষণ ভালো লাগার একটি নাটক হবে।’ আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে ও একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানান।