• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মায়ের কোল থেকে ছেলে ছিনতাই

bijoy71news
প্রকাশিত মার্চ ১৩, ২০২১
মায়ের কোল থেকে ছেলে ছিনতাই

বি৭১নি ডেস্ক ::
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মায়ের কোল থেকে ছেলে মো. আন্নাফিকে (১) ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।
শুক্রবার বিকালে উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকার ফিডার সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা নগরকান্দা থানার পোড়াদিয়া গ্রামের নায়ার সুলতানা লাবনী বাদী হয়ে তার সাবেক স্বামীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
শিশুর মা নায়ার সুলতানা লাবনী আহাজারি করে বলেন, আমার ২ বছর আগে ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের সাইদুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে আমার সঙ্গে খারাপ আচরণসহ কারণে-অকারণে মারধর করত।
পরে আমি জানতে পারি আমার স্বামী সাইদুর আরও দুটি বিবাহ করেছিল, তাদেরও সে তালাক দিয়েছে। আমি তার অত্যাচার সহ্য করতে না পেরে তালাক দেই। এরপর আমার গর্ভে একটি পুত্রসন্তানের জন্ম হলে সাইদুর সন্তানকে নিতে চায়।
তখন সন্তান নিয়ে আদালতে দারস্থ হলে গত সোমবার আদালত আমার সন্তানকে আমার (মায়ের) জিম্মায় দিয়ে দেন। শুক্রবার বিকালে নগরকান্দা থেকে সন্তানকে নিয়ে ভাঙ্গায় ডাক্তার দেখিয়ে চৌধুরীকান্দা খালার বাড়ি বেড়াতে যাচ্ছিলাম। এ সময় সাইদুরসহ কয়েকটি ছেলে আমার সন্তানকে ছিনতাই করে পালিয়ে যায়।
এ সময় শিশুর মা লাবনী আহাজারি করে বলেন, আমার সন্তানকে আপনারা ফিরিয়ে দেন। আমার বুকের ধন না খেয়ে আছে। আমি ওকে ছাড়া বাঁচব না।
ভাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন, একটি অভিযোগ পেয়েছি, ওই শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।