• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ট্রাকের চাকায় চূর্ণ মাথা

bijoy71news
প্রকাশিত মার্চ ৯, ২০২১
ট্রাকের চাকায় চূর্ণ মাথা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাকের চাকায় মাথা চূর্ণ হয়ে বুশরা নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। এ মেয়েটির দাদা ভাগ্যক্রমে বেঁচে যান।
মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুশরা উপজেলার খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলিম উদ্দিনের মেয়ে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, খাগাইল হাজী আ. সালাম ব্রিকসের সামনে দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পার হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। মেয়েটির দাদা ভাগ্যক্রমে বেঁচে গেলেও নাতিনের মাথার ওপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। ট্রাকের চাকায় মাথা চূর্ণ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বুশরা। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত শিশুর লাশ উদ্ধার করি। উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।