বি৭১নি ডেস্ক ::
শেষ হচ্ছে চ্যানেল আইতে প্রচারচলতি ধারাবাহিক নাটক ‘আম্মা’। শিগ্গির এ নাটকটির ইতি টানতে যাচ্ছেন বলে জানিয়েছন পরিচালক আবু হায়াত মাহমুদ। মাসুম শাহরিয়ার রচিত এ নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শিল্পী সরকার অপু।
তার বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া আহমেদ। এতে অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘এ নাটকে আমার সন্তান চরিত্রে যারা অভিনয় করেছে তাদের প্রত্যেককেই আমার নিজেরই সন্তান বলে মনে হয়েছে। তাদের ভীষণ মিস করব। নাটকটির গল্প এতটাই বাস্তবসম্মত যে, কান্নার কোন দৃশ্য থাকলে আমাদের কারোই কখনো গ্লিসারিন ব্যবহার করতে হতো না।
আবেগঘন দৃশ্যে এমনিতেই কান্না চলে আসত।’ তানিয়া আহমেদ বলেন, ‘নাটকটির দৃশ্যধারণের জন্য ক্যামেরার সামনে যাওয়ার আগে আমাদের স্ক্রিপ্ট হাতে নিয়ে কিছুটা মহড়া করতে হতো। চরিত্রের গভীরে এতটাই আমরা মিশে যেতাম, মনেই হতো না এটি একটি নাটক। প্রচার শেষ হয়ে আসছে, খারাপ লাগছে।’ চ্যানেল আইতে প্রতি শুক্র ও রবিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হয় ‘আম্মা’ ধারাবাহিকটি। এতে বিভিন্ন চরিত্রে আরও যারা অভিনয় করছেন সালাহ উদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, ফারুক আহমেদ, শাহেদ আলী, নাজিয়া হক অর্ষা, মিশু সাব্বির, আইরিন’সহ অনেকে।