• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একদিনে ৩ জনের মৃত্যু

bijoy71news
প্রকাশিত মার্চ ৪, ২০২১
একদিনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: একদিনে ৩ জনের মৃত্যুতে আলোচনায় সিলেটের মোগলাবাজার। বৃহস্পতিবার (৪ মার্চ) পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে কথাকাটাকাটির জেরে স্বামীর ঘুষিতে এক গৃহবধূর মৃত্যু হয়। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও ট্রলি দুর্ঘটনায় আরও একজন মারা যান।
পুলিশ জানায়- বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার শ্রীরামপুরে স্বামীর ঘুষিতে লাকি বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তবে ঘটনার পর বিকালে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী মোহাম্মদ সাহিদ আহমদ (২৭)। তিনি শ্রীরামপুরে গ্রামের নুরুল মিয়ার ছেলে।
এদিকে দুপুরে ঘটনার পর বিকালে স্বেচ্ছায় মোগলাবাজার থানায় হাজির হয়ে ওই গৃহবধূর স্বামী মোহাম্মদ সাহিদ আহমদ জানান দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী লাকি বেগমকে ঘুষি মারলে তিনি মারা যান। সাহিদ আহমদ পেশায় ফ্রীল্যান্স, অনলাইন ভিডিও এডিটর। তাদের সংসারে ৫ মাস বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।
অপরদিকে মোগলাবাজার এলাকায় ছাদ ঢালাইয়ের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হত হন একই এলাকার জুবায়ের (২৮) নামের একজন। বেলা পৌনে ২ টার দিকে ঘটনাটি ঘটলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বিকাল ৩ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও গতকাল বুধবার (৩ মার্চ) বডিরপাড়া এলাকায় ট্রলি উলটে আহত হন চালক পাপুল (২২)। পরে এক দিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার মারা যায় সে। নিহত পাপুল মোগলাবাজার এলাকার ছত্তিগড়স্থ ইলিয়াস আলীর ছেলে।
পৃথক ঘটনায় তিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।