• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দর্শকদের বসার চেয়ার ভেঙে ফেললেন ম্যাক্সওয়েল

bijoy71news
প্রকাশিত মার্চ ৪, ২০২১
দর্শকদের বসার চেয়ার ভেঙে ফেললেন ম্যাক্সওয়েল

বি৭১নি ডেস্ক ::
অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ছক্কা মেরে দর্শকদের বসার চেয়ার ভেঙে ফেললেন।
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান অস্ট্রেলিয়ান এ তারকা ব্যাটসম্যান।
ইনিংসের ১৭তম ওভারে জিমি নিশামের এক ওভারে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকিয়ে ২৮ রান আদায় করে নেয়ার মধ্য দিয়ে ২৫ বলে ফিফটি করেন ম্যাক্সওয়েল। তার হাঁকানো একটি ছক্কা স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে দর্শকদের বসার আসন ভেঙে যায়।
তারপরই ওয়েলিংটন স্টেডিয়ামের সিইও শেন হারমন জানান, ভেঙে যাওয়া চেয়ার নিলামে বিক্রি করা হবে। টুইটারে এই খবর ঘোষণা করে গ্লেন ম্যাক্সওয়েলকে সেই চেয়ারে সই করে দেওয়ারও আর্জি জানান তিনি।
ম্যাক্সওয়েলের ৩১ বলে আট চার ও পাঁচটি ছক্কায় সাজানো ৭০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২০৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।
টার্গেট তাড়া করতে নেমে অ্যাস্টন অ্যাগারের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৭.১ ওভারে ১৪৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। অ্যাস্টন অ্যাগার ৩০ রানে শিকার করেন ৬ উইকেট।
৬৪ রানের বিশাল জয়ে সিরিজে ২-১ ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ১৮৫ রানের টার্গেট তাড়ায় ৫৩ রানে হারে অসিরা। দ্বিতীয় ম্যাচে ২২০ রানের বিশাল টার্গেট তাড়ায় মাত্র ৪ রানে হেরে যায় সফরকারীরা।