
রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় আদালত স্থাপনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৮ সেপ্টেম্বর) সিলেটে বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনপি।
জেলা ও মহানগর উদ্যোগে ওই দিন বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে এই মানববন্ধন কর্মসূচি আগামী ১০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরিবর্তিত কর্মসূচির কথা জানানো হয়।
শনিবারের সমাবেশে ও সোমবারের মানবন্ধনে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সিলেটবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।