• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

bijoy71news
প্রকাশিত মার্চ ১, ২০২১
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

বি৭১নি ডেস্ক ::
রাজশাহী নগরীর পদ্মাপাড়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি টের পেয়ে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ধরে ফেলে তিন ছিনতাইকারীকে। গণপিটুনি দিয়ে পরে তাদের পুলিশ সোপর্দ করা হয়।
রোববার সন্ধ্যায় নগরীর শাহমখদুম মাজার এলাকায় পদ্মাপাড়ে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আহসান আলী (২৫)। তার বাড়ি নগরীর মালদা কলোনি।
আটক তিন ছিনতাইকারী হলো¬– নগরীর কয়েরদাঁড়া এলাকার রাসেল রানা (১৯), নাদিম মোস্তফা (১৯) ও আলিম ইসলাম (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।
তিনি জানান, আহসান নামে ওই যুবক তার বান্ধবীকে নিয়ে শাহ মখদুম মাজার এলাকায় পদ্মায় নেমে ঘুরছিলেন।
এ সময় তিন ছিনতাইকারী আহসান ও তার বান্ধবীকে ঘিরে ফেলে। তারা আহসানের কাছে প্রথমে ৪০০ টাকা দাবি করে। এর পর আহসান ভয়ে ১০০ টাকা দেন। কিন্তু ছিনতাইকারীরা যা আছে বের করতে বললে আহসান এর প্রতিবাদ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা আহসানকে ছুরিকাঘাত করে। এর পর তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে ঘিরে ফেলে। পরে তিন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের সোপর্দ করা হয়।
আহত ওই যুবক এবং তিন ছিনতাইকারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, ছিনতাইকারী আহসানের বান্ধবীর গলার একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়। পরে জনতা সেই চেইনটিও উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।