• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রথম পছন্দ পরিচালনা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২১

বি৭১নি ডেস্ক ::
সম্প্রতি বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং করেছেন ভারতে। এর কাজের অভিজ্ঞতা কেমন?
বঙ্গবন্ধুর বায়োপিকটি বেশ যত্ন নিয়ে নির্মাণ করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। গুণী এ নির্মাতার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বেশ ভালো। খুব সহজেই তিনি অভিনয়শিল্পীদের কাছে থেকে সেরাটা বের করতে পারেন। এটি আমার অভিনয় জীবনের উল্লেখযোগ্য একটি কাজ হিসাবে বিবেচিত হবে বলেই আমার বিশ্বাস।
বাংলাদেশের অংশের শুটিং কবে শুরু হবে?
আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তবে শুটিংয়ের জন্য কিছুদিনের মধ্যেই আবারও ভারতের মুম্বাই গিয়ে ইউনিটের সঙ্গে যুক্ত হব। বাংলাদেশের শুটিংয়ের অংশে আমার উপস্থিতি থাকবে কি-না তা নিয়েও কোনো কিছু জানি না আমি।
আপনার নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’-এর নির্মাণকাজের অগ্রগতি কী?
ছবির শুটিং শেষ করেছি। কারিগরি কাজ করেছি ভারতের একটি স্টুডিওতে। সবকিছুই পরিকল্পনা মতোই এগোচ্ছে। ১৭ মার্চ ছবির প্রিমিয়ার হবে এবং ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অল্প সময়ের পরিকল্পনায় এর কাজ শেষ করেছি। সবাই বেশ আন্তরিকতা নিয়েই অভিনয় করেছেন। এটি পর্দায় প্রতিফলিত হবে বলেই মনে করছি।
আপনার পরিচালিত ‘রূপালী জোছনায়’ নামের ধারাবাহিক নাটকটি কত পর্বে শেষ হচ্ছে?
প্রাথমিক পরিকল্পনা ছিল ৫৪ পর্বের। কিন্তু দর্শকের আগ্রহের কারণে চ্যানেল কর্তৃপক্ষ এটিকে দীর্ঘায়িত করে। সেখান থেকে আমাকে জানানো হয়েছে নাটকটি ৭৮ পর্বে গিয়ে শেষ হবে।
অভিনয়ে আগের থেকে ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে আপনার। এ ব্যস্ততা কী ধরে রাখবেন?
আমার প্রথম পছন্দ পরিচালনা। এ জন্য আমি অনেক পরিশ্রম করতেও
রাজি আছি। তবে অভিনেতা হিসাবেও দর্শক আমাকে অনেক ভালোবাসেন। তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য হলেও অভিনয়ে নিয়মিত থাকার চেষ্টা করব।
লেখালেখিও করেন আপনি। এবারের গ্রন্থমেলায় আপনার কোনো বই আসছে?
গত বছর ‘অন্ধকার’ নামের একটি মঞ্চনাটক লিখেছিলাম। সেটিই বই আকারে প্রকাশ করার পরিকল্পনা করছি। পরিচালনায় ব্যস্ত থাকার কারণে কয়েকটি বই লেখার ইচ্ছা থাকলেও সেগুলো বাস্তবায়ন করতে পারিনি।