• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুর্গাপুরবাসী তাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১

বি৭১নি ডেস্ক ::
আবেগঘন পরিবেশে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ফারজানা খানমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা শিল্পকলা একাডেমি। বুধবার দুপুরে নানা আয়োজনে একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে একাডেমির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির সহসভাপতি আব্দুল্লাহ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরেশ্বর চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার মো. মাহাবুবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমির বিভিন্ন বিভাগের শিক্ষক, সহকারী শিক্ষক দীপা রায়, হাসিনা আক্তার, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, ব্যবসায়ী বিপ্লব কৃষ্ণ রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, এডভোকেট মানেশ সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ইউএনও ফারজানা খানম দেড় বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়ে দুর্গাপুরে আসেন। দীর্ঘ সময়ে তার কর্মদক্ষতা ও ব্যাক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী অফিসার হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছেন।
বিদায়ী সংবর্ধনায় সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা বলেন, ইউএনও ফারজানা খানম, একজন দক্ষ অফিসার। তিনি কাজের প্রতি খুবই আন্তরিক।
শুধু জনপ্রতিনিধি নন, সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরনের মাধ্যমে কাজ করেছেন। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সম্মানে বদ্ধভুমি চিহ্নিত করণ সহ সর্বস্তরের মানুষের সমস্যা নিয়ে যে কাজ করে গেছেন, দুর্গাপুরবাসী তাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, দুর্গাপুর উপজেলার সব মানুষ খুবই আন্তরিক, এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভালো। সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করবেন।