• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাছ কাটার মামলা করে বিপাকে বাদী!

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে নিজ গাছ কাটার অভিযোগে মামলা করে বিপাকে পড়েছেন বাদী। মামলা দায়েরের পর থেকে নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ মামলার বাদী ফেরদৌস আজিজ বাবলুর (৪০)।
বাবলু হরিপুর গ্রামের বাসিন্দা বাবলু উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তণ দপ্তর সম্পাদক প্রয়াত আজিজুর রহমান মাষ্টারের ছেলে। তিনিও খাজাঞ্চি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের বঙ্গবন্ধু শিশুকশোর মেলার সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস আজিজ বাবলুর বসত ঘরের সামনের গাছপালা নিয়ে পাশের বাড়ির নানু মিয়ার (৩৫) সঙ্গে বিরোধ সৃষ্ঠি হয়। এনিয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে গ্রামের মুরব্বীদের সাথে স্থানীয় হোসেনপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কবির আহমদ কুব্বারও সালিশে যান। বৈঠকের এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা কবির আহমদ কুব্বারের নেতৃত্বে প্রায় আড়াই লাখ টাকার নারিকেল, কাঠালসহ বড় বড় বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়।
এ ঘটনায় গত ৩১ জানুয়ারি সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে বাদি হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন বাবলু। আদালতের নির্দেশে বিশ্বনাথ থানায় দ্রুত বিচার আইনে গত ৫ ফেব্রুয়ারি এ মামলাটি রজ্জু করা হয়, (মামলা নং ৭)। ওই মামলায় প্রধান আসামি করা হয় উপজেলা আ’লীগ নেতা কবির আহমদ কুব্বারকে (৫২)।
বাদী আজিজুর রহমান বাবলুর অভিযোগ, তিনি থানায় মামলা দায়ের করে বিপদে পড়েছেন। একদিকে আসামি কুব্বারসহ অন্য আসামিদের হুমকি ধামকি আর অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা তাকে নানাভাবে হয়রানি করে যাচ্ছেন। এই ভয়ে বর্তমানে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগ নেতা কবির আহমদ কুব্বার বলেন, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী সবার উপস্থিতিতেই গাছ কাটা হয়। এরপর থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তবে, এ পর্যন্ত তিনি কাউকে হুমকি ধামকি দেননি। এছাড়া গাছ কাটার দিন আরও দুই শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা থানার এসআই সঞ্জয় দেব বলেন, তিনি কাউকে অযথা হয়রানী করেননি। আর ভুল তথ্য উপস্থাপন করে মামলা করায় দীর্ঘ তদন্তের পর এরই মধ্যে আদালতে প্রতিবেদনও দাখিল করেছেন।