• ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হোটেলকক্ষে অভিনেত্রীর ঝুলন্ত লাশ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০১৮


হোটেলকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এক টিভি অভিনেত্রীর ঝুলন্ত লাশ। গতকাল বুধবার সকালে ভারতের শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের চার্চ রোডের কাছে একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। অভিনেত্রীর নাম পায়েল চক্রবর্তী। কলকাতার টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চোখের তারা তুই’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।

গত মঙ্গলবার রাতে ওই হোটেলের ১৩ নম্বর কক্ষে ওঠেন পায়েল। পরদিন বুধবার সকালে গ্যাংটকে যাওয়ার কথা ছিল। সে জন্য হোটেলের কর্মীদের সকাল সাতটায় ডেকে দিতে বলেছিলেন তিনি। বুধবার সকাল থেকে ডাকাডাকি করে তাঁর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে উদ্বিগ্ন হোটেলকর্মীরা থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে পায়েলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গভীর রাত পর্যন্ত ফোনে চিৎকার করে কথা বলতে শোনা গেছে পায়েলকে। হোটেলের বাইরে থেকেও তাঁর চিৎকার শুনেছেন অনেকে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা এখনো নিশ্চিত করে বলেনি পুলিশ। তবে লাশ উদ্ধার হলেও পায়েলের ব্যবহৃত মুঠোফোনটি এখনো পাওয়া যায়নি।