• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুবরাজের বিরুদ্ধে ‘বর্ণবাদী মন্তব্য’ করার অভিযোগে এফআইআর

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১
যুবরাজের বিরুদ্ধে ‘বর্ণবাদী মন্তব্য’ করার অভিযোগে এফআইআর

বি৭১নি ডেস্ক ::

২০১১ সালের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দিয়েছে হরিয়ানা পুলিশ।
যুবরাজের বিরুদ্ধে ‘বর্ণবাদী মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছে সেই এফআইআরে। ইতোমধ্যে সেই অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ।
ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে জানায়, বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ (আইপিসি) ধারায় এফআইআর করা হয়েছে যুবরাজের বিরুদ্ধে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর– আট মাস আগে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক মন্তব্যের কারণে বিপদে পড়েছেন যুবরাজ। গত বছরের জুনে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে কথোপকথনের সময় স্পিনার যুজবেন্দ্র চাহালের টিকটক আসক্তির বিষয়ে মন্তব্য করেন যুবরাজ। চাহালকে ঠাট্টার ছলে যে কথাটি বলেন যুবরাজ, তাই নিয়ে ওই সময়ই বিতর্ক বাঁধে। যুবরাজ বর্ণবিদ্বেষ ছড়াচ্ছেন বলে তুমুল সমালোচনার শুরু হয়।
পরে এ জন্য ক্ষমা চেয়ে যুবরাজ বলেন, আমি জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গের ব্যাপারে কোনো রকম ভেদাভেদে বিশ্বাস করি না। মানুষের ভালোর জন্য সারাজীবন কাজ করেছি। আমার কথায় কিছু মানুষের খারাপ লেগেছে যা অনিচ্ছাকৃত ভুল। কাউকে আঘাত করে থাকলে তার জন্য ক্ষমা চাইছি।
কিন্তু ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না যুবরাজ। এক আইনজীবী তার বিরুদ্ধে হরিয়ানার হিসার থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই রোববার যুবরাজের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ।
এফআইআরের বিষয়ে সাবেক এই বিশ্বকাপজয়ী তারকার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।