• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

এক বড় চমক নিয়ে আসছে ‘ধুম ফোর’

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১
এক বড় চমক নিয়ে আসছে ‘ধুম ফোর’

বি৭১নি ডেস্ক ::

‘ধুম ফোর’ ছবিতে এক বড় চমক নিয়ে আসছেন ছবির নির্মাতা। এবার দীপিকা পাড়ুকোনকে এক নতুন রূপে দেখা যাবে। জানা গেছে, ‘ধুম’ সিরিজের এই ছবিতে দীপিকা ভিলেনের (খলনায়িকা) ভূমিকায় আসতে যাচ্ছেন।
যশরাজ ফিল্মস তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’ নিয়ে বেশ কিছু নতুন পরিকল্পনা করতে যাচ্ছে।
এই ছবিতে দেখা যাবে এবার নারী খলনায়ক। আর তার জন্য নির্মাতাদের পছন্দ দীপিকা পাড়ুকোন। এই বলিউড নায়িকাকে তারা এক নতুন রূপে পর্দায় আনতে যাচ্ছেন। এ ব্যাপারে যশরাজ ফিল্মস দীপিকার সঙ্গে যোগাযোগ করেছে। জানা গেছে, নতুন এই চ্যালেঞ্জ নিতে দারুণ আগ্রহী দীপিকা। তবে এই বলিউড তারকার হাতে এখন একাধিক প্রকল্প। তাই এখন শুটিং শিডিউল দেখছেন তিনি। শুটিংয়ের সঠিক সময় পেলেই দীপিকা ‘ধুম ফোর’ ছবির জন্য স্বাক্ষর করবেন।
‘ধুম’ সিরিজের জনপ্রিয়তার পেছনে আছে ছবির নিজস্ব স্টাইল আর অসাধারণ সব লোকেশন। এই সিরিজের প্রতিটি ছবিতে অভিষেক বচ্চন, উদয় চোপড়াকে দেখা গেছে।
‘ধুম’ সিরিজের তিনটি ছবিতে তিন সুপারস্টারকে ভিলেনের ভূমিকায় এনে দারুণভাবে চমক দিয়েছে যশরাজ ফিল্মস। এই তিন সুপারস্টার হলেন জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খান। তবে ‘ধুম ফোর’ ছবিতে নারী খলনায়ক এনে নতুন এক অবয়ব দিতে যাচ্ছে তারা।
দীপিকাকে দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ ছবিতে। শকুন বাত্রার একটি ছবিতে দীপিকা অভিনয় করছেন। তাঁর সঙ্গে এই ছবিতে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী আর অনন্যা পান্ডে। এ ছাড়া নাগ অশ্বিন পরিচালিত একটি ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা। সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে প্রথমবার এই নায়িকা হৃতিক রোশনের সঙ্গে রোমান্স করতে যাচ্ছেন।
মধু মন্টেনার ‘রামায়ণ’ ছবিতে দীপিকাকে সম্ভবত মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ‘এইট্টি থ্রি’ ছবিতে আসতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।