• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

চমকে দিতে আসছেন আবার শাহরুখ খান

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১
চমকে দিতে আসছেন আবার শাহরুখ খান

বি৭১নি ডেস্ক ::

বলিউড বাদশাহ শাহরুখ খানের ফিরে আসা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ ক্রমে বেড়েই চলেছে। কারণ, ২০১৮ সালে ‘জিরো’ ছবিটি মুক্তির পর কিং খানের কোনো ছবি মুক্তি পায়নি। যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবি দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এই বলিউড সুপারস্টার। তাই তাঁর অসংখ্য অনুরাগী অপেক্ষার দিন গুনছেন। তবে শাহরুখ আবার চমকে দিতে আসছেন, এমনই গুঞ্জন। বড় বাজেটের অ্যাকশনভিত্তিক একটি ছবিতে তিনি অভিনয় করছেন বলে জানা গেছে।
‘পাঠান’ ছবির পরপরই তিনি নাকি একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। দক্ষিণের নামকরা পরিচালক এটলি ছবিটি পরিচালনা করবেন। শাহরুখ খান নাকি এটলিকে ছবির ব্যাপারে সবুজসংকেত দিয়েছেন। জানা গেছে, এ ছবিতে কিং খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এটলির ছবির গল্প এখনো জানা যায়নি। তবে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যাবে, এটি নাকি চূড়ান্ত।
দক্ষিণের জনপ্রিয় পরিচালক এটলির আসল নাম অরুণ কুমার। এই পরিচালক ছয় বছরের মধ্যে চারটি সুপার হিট তামিল সিনেমা উপহার দিয়েছেন। ‘রাজা রানি’, ‘বিজিল’, ‘থেরি’, ‘মেরসাল’–এর মতো সফল ছবির পরিচালক এটলি। তাঁর পরিচালিত ছবি দেখে শাহরুখ বেশ উৎসাহিত হন। আর এটলির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এমনকি কিং খান তাঁকে মুম্বাইয়ে ডেকেছেন। জানা গেছে, এই নতুন প্রকল্পটি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ আলাপ–আলোচনা হয়েছে। ভারতীয় সিনেমার এক বড় প্রযোজনা ও পরিবেশনা সংস্থা ছবিটির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। শাহরুখ খানের এ অ্যাকশনভিত্তিক ছবির বাজেট ২৫০ কোটি রুপি বলে জানা গেছে। যেকোনো দিন নির্মাতারা ছবিটি নিয়ে ঘোষণা দেবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে শাহরুখ সপ্তমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তাঁকে প্রথম দ্বৈত চরিত্রে দেখা যায় মহেশ ভাটের ‘ডুপ্লিকেট’ ছবিতে। ছবিটি বক্স অফিসে পুরোপুরি ফ্লপ হয়। এরপর দ্বৈত চরিত্রে তিনি ‘করণ অর্জুন’, ‘ওম শান্তি ওম’, ‘ডন’-এর মতো সুপার হিট ছবি উপহার দিয়েছেন। তবে শাহরুখের অপর দুটি ছবি ‘রা ওয়ান’, ‘ফ্যান’ আবার ভালো ব্যবসা করতে পারেনি। এ ছবি দুটিতেও তিনি ডাবল রোলে ছিলেন। এখন অপেক্ষা এটলির ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখ কতখানি সফলতা পান।