
সিলেট : আবেদন শুরুর পঞ্চম দিনেও নিজেদের আবেদন প্রক্রিয়া ঠিকমতো চালু করতে পারেনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশাসন। যার ফলে পঞ্চম দিনে এসেও বিড়ম্বনা পোহাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে ২০১৮-১৯ সেশনে ভর্তিচ্ছু হাজার হাজার শিক্ষার্থীকে।
জানা যায়, এর আগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি আবেদন প্রক্রিয়া ০২ সেপ্টেম্বর থেকে শুরু করার কথা থাকলেও তা চালু হতে হতে অন্তত ছয় ঘন্টা দেরী হয়। এর আগের বছরগুলোতে টেলিটকের মাধ্যমে ভর্তি আবেদন করা গেলেও এবার নিজেদের ব্যবস্থায় ভর্তি আবেদন প্রক্রিয়া চালু করে ভর্তি কমিটি।
তবে একটি অসম্পূর্ণ ও জটিল ভর্তি আবেদন প্রক্রিয়া দিয়ে শুরু করায় প্রথম দিন থেকে ভোগান্তিতে পড়ে ভর্তিচ্ছুরা। ছয়ঘন্টা দেরীতে শুরু হওয়ার পরও বাকি চারদিনে অন্তত ষোল ঘন্টা ভর্তি আবেদন প্রক্রিয়া বন্ধ থাকে।
এবার নিজেদের ওয়েবসাইটে ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানালেও বেশিরভাগ সময়ই ওয়েবসাইটিতে বিভিন্ন ব্রাউজার থেকে ঢোকা যাচ্ছিলো না। এছাড়া ভর্তি আবেদনের ফি পরিশোধের প্রক্রিয়াটিও অত্যন্ত জটিল বলে মনে করছেন বেশ কজন আবেদনকারী। শুধুমাত্র ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ ম্যানুয়ালি ফি জমা দেয়া যায় এবারের ভর্তি আবেদনে। স্বয়ংক্রিও কোনো অপশন কিংবা বিকাশ সহ অন্যান্য সহজলভ্য মোবাইল ব্যাংকিং অপারেটরের মাধ্যমে টাকা জমা দেয়ার কোনো সুযোগ নেই। যার ফলে এবারের ভর্তি আবেদনে ভুল হওয়ার সম্ভাবনা অধিক বেশী।
এ বিষয়ে জটিলতার কথা স্বীকার করে ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, ওয়েবসাইটটির সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। তিনি নিজেও ব্রাউজার থেকে ঢুকতে পারেননি বলে জানান।
অন্যদিকে বিকাশের সাথে ভর্তি আবেদন ফি জমা দেয়ার বিষয়েও তারা শীঘ্রই চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবেন বলে জানান তিনি।
এবারের ভর্তি আবেদন চলবে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।
ভর্তি আবেদন ও অন্যান্য বিষয়াদি www.admission.sust.edu এই ওয়েবসাইটে পাওয়া যাবে।