নিজস্ব প্রতিবেদক ::
সিলেট মহানগরের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলামসহ পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলাম। তিনি জানান, শনাক্তদের মধ্যে চারজন ইন্সপেক্টর আর একজন কনস্টেবল রয়েছেন।
এদিকে চাঞ্চল্যকর এ মামলায় তদন্ত কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কে ভুগছেন সাংবাদিকরা। কারণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত কয়েকদিন তদন্ত কর্মকর্তার কাছাকাছি ছিলেন পেশাদার সাংবাদিকরা।
এর আগে গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে।
এ ঘটনায় ১১ অক্টোবর দিবাগত রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই। আর তদন্ত কর্মকর্তা হিসেবে আছেন পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলাম।