• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আ.লীগ নেতা নাদেল ও আজাদের করোনা জয়

bijoy71news
প্রকাশিত জুন ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক ::
নিজ বাসায় চিকিৎসা নিয়ে করোনা ভাইরাস জয় করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। আর সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিসিকের জনপ্রিয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বুধবার রাত ৯ টার দিকে দুজনেরই দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসে।
গত ২২ মে নাদেলের শরীরে করোনাভাইরাস (পজিটিভ) শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন।
বুধবার (৩ জুন) দ্বিতীয়বার পরীক্ষা শেষে তার রিপোর্ট আসে নেগেটিভ। ফলে তিনি কোভিড-১৯ থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আছেন।
শফিউল আলম চৌধুরী নাদেল জানান, করোনা শনাক্ত হওয়ার পর তিনি মনোবল হারাননি। নিজের ইচ্ছায় অন্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ খেয়য়েছেন।
তিনি করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন আছেন তাদের মনোবল না হারিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
এদিকে করোনাভাইরাসকে জয় করে বাসায় ফিরলেন কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ।
বুধবার (৩ জুন) তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এখন সম্পূর্ণ সুস্থ। পরপর দুইবার তার ‘টেস্ট রেজাল্ট’ নেগেটিভ আসায় আমরা তাকে সুস্থ ঘোষণা করছি। বুধবার বেলা তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ছাড়পত্র পাওয়ার সময় কাউন্সিলর আজাদ বলেন, আমি সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ, তারা সকলেই আমার জন্য দোয়া করেছেন। আমি আবারও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করব।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে গত ২৩ মে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম দিকে তার শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছিল। পরে গত ২৮ মে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি করা হয়।