নিজস্ব প্রতিবেদক ::
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা সাধ্যের মধ্যে আপনাদের সবটুকু সুখ দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি এই কঠিন মুহূর্তে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তবুও আপনাদেরকে সকল কষ্ট সহ্য করতে হচ্ছে। আজকের এই কষ্ট আমাদেরকে আগামীতে সুখের পথ দেখাবে। আপনারা নামাজ পড়ে মহান আল্লাহতালার কাছে দেশবাসীসহ বিশ্ববাসীর জন্য দুআ করেন। মহান আল্লাহতালা যেন করোনা ভাইরাসনামক মহামারি থেকে সবাইকে রক্ষা করেন। তিনি বলেন, সরকারের পরবর্তী নির্দেশনার আগ মুহূর্ত পর্যন্ত দয়া করে অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। ঘরে থাকুন, আপনাদের পাশে আছি, পাশে থাকব। তিনি বুধবার রাত সাড়ে ১০টায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে আসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ ও শাহানারা বেগম উপস্থিত ছিলেন। এ সময় কোতোয়ালি থানাপুলিশ তাদেরকে সহযোগিতা করে। প্রথম দিন ৫শ’ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন মেয়র আরিফ, ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ ও শাহানারা বেগম।
এ সময় কাউন্সিলর রাশেদ আহমদ যে-কোনো প্রয়োজনে ওয়ার্ডবাসীকে সাথে সাথে তাঁর সাথে যোগাযোগ করার আহ্বান জানান।