বি৭১নি ডেস্ক :
প্রথমে প্রেমের সম্পর্কে জড়ান। এর পর বিয়ের প্রলোভনে গড়ে তোলেন শারীরিক সম্পর্ক। এ ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে পরে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় স্কুলছাত্রীকে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশে।
এই অভিযোগে এলাকার এক প্রভাবশালীর ছেলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে তাড়াশ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ১১।
মামলা সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কাউরাইল গ্রামের প্রভাবশালী মজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (১৯) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভনে ওই স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা মোবাইল ফোনে ধারণ করেন।
পরবর্তী সময়ে মিজানুর ওই স্কুলছাত্রীকে বিয়ের বিষয়ে টালবাহানা করতে থাকেন। শুধু তাই নয়, মিজানুর তার মোবাইলে ধারণ করা ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীকে আবারও শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বারবার হুমকি দিতে থাকেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এতে নিরুপায় হয়ে ওই স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানায়। পরে সোমবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রী নিজেই বাদী হয়ে মিজানুরকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।