• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘কুশিয়ারার তীর রক্ষায় প্রকল্প গ্রহণ করা হচ্ছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জুলাই ২০, ২০১৯

নবীগঞ্জ প্রতিনিধি :
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কুশিয়ারা নদীটি খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। এ নদীর উভয় তীর রক্ষায় শিগগির প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এর কাজ এগিয়ে যাচ্ছে। পান্নি উন্নয়ন বোর্ডের প্রতিটি কাজ ধীরস্থিরভাবে, প্ল্যান করে করতে হয়। অনেক কিছু বিবেচনা করতে হয়। নদীর গতিবিধি লক্ষ্য করে করে চিন্তা-ভাবনা করে কাজ শুরু করতে হয়। তবে কুশিয়ারা নদীর দুই পাড় রক্ষায় বাঁধের কাজ কবে নাগাদ শুরু হবে তা নির্দিষ্ট করে বলা যাবে না।
আজ শনিবার (২০ জুলাই) সকালে নবীগঞ্জের কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গাজী মো. শাহ নওয়াজ মিলাদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক প্রমুখ।
এদিকে, সংখ্যালঘুদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার দেয়া অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বাংলাদেশের মতো এমন সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও নেই। আমরা যেভাবে সংখ্যালঘুদের দেখে রাখি, তাদের উৎসবে যাই, তারা আমাদের উৎসবে আসে- এমন নজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না।