গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে গেল কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে ফের বন্যা দেখা দিয়েছে।
পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চলের অধিকাংশ মানুষ পানিবন্দি রয়েছেন। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ও দুটি পাথরকোয়ারি রয়েছে বন্ধ রয়েছে। অনেকের বসতঘরে পানি ওঠায় গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন।পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়ে পাঠদান বন্ধ রয়েছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনেকের পুকুরের পাড় ডুবে মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।
কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পিয়াইন ও সারি নদী দিয়ে আসা পাহাড়ি ঢলের কারণে বুধবার সন্ধ্যা থেকে উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে থাকে।
এ রিপোর্ট লেখা গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলার পূর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, ডৌবাড়ি, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত হয়। এতে করে গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে গেছে। ফলে উপজেলা সদরের সঙ্গে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা এক রকম বিচ্ছিন্ন রয়েছে।
অপরদিকে পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার নয়াগাঙ্গের পাড় ও বাউরবাগ হাওর গ্রামের নদীতীরবর্তী বসতবাড়ি ভাঙনের কবলে রয়েছে। পাশাপাশি এই এলাকার নদীরতীর সংরক্ষণ ও ফসলি জমি রক্ষায় বেড়িবাঁধগুলোও রয়েছে হুমকির মুখে।
ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, উপজেলার বন্যা পরিস্থিতির সার্বিক দিক মনিটরিং করা হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়াও বন্যা কবলিত এলাকার ক্ষয়-ক্ষতির বিবরণ তুলে ধরে প্রয়োজনীয় আরও ত্রাণ সামগ্রীর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে বার্তা পাঠানো হবে বলে তিনি জানান।