হবিগঞ্জ প্রতিনিধি :
দীর্ঘদিন থেকে চরম অবহেলায় পড়ে আছে চুনারুঘাট ও বাহুবল উপজেলার মধ্যপথের একটি বহুল ব্যবহৃত ব্রিজ। নতুন ব্রিজ নির্মাণ না করার পাশাপাশি ভাঙাচোরা পুরনো ব্রিজের সংস্কার কাজ না করায় চুনারুঘাট ও বাহুবল উপজেলার মধ্যপথের ইট-পাথরের ব্রিজটি এখন কাঠের ব্রিজ হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন ও বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের সাটিয়াজুরী-মহাশয়বাজার-মিরপুর এলজিইডি রাস্তার জোজ নালের উপর নির্মিত ব্রিজটি প্রায় ৫ বছর যাবত ভাঙ্গা থাকলেও কোন মেরামত কিংবা নতুন ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি।
এ ব্রিজটি দিয়ে প্রতিদিন ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়, মিরপুর কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ শত শত ছাত্রছাত্রী যাতায়াত করে থাকে। কিন্তু ব্রিজের বেশ কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় উল্লেখিত এলাকাগুলোর বিশাল জনগোষ্ঠী পড়ে চরম দুর্ভোগে। এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে এলাকার কিছু যুবক সম্প্রতি কাঠ দিয়ে ব্রিজটি মেরামত করে দেয়। ফলে এ এলাকার চলাচলরত প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হয়।
গত বছর আংশিক ভাঙ্গা অংশ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে বাঁশ-কাঠ দিয়ে পুনরায় মেরামত করে দেয়া হয়। বর্তমানে বাঁশ-কাঠ ভেঙ্গে গিয়ে ফের চরম ঝুঁকির মুখে পড়েছে ব্রিজটি। তারপরেও টনক নড়েনি কর্তৃপক্ষের।
এ ব্যাপারে চুনারুঘাট এলজিইডি অফিস জানিয়েয়েছে- ব্রিজটি নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে। আর জরুরীভিত্তিতে ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসী যথাযত কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।