নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর কাজিরবাজার সেতুর নিচে ও মাছ বাজার এলাকার দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এসময় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট গুড়িয়ে দেয়া হয়।
সোমবার (৮ জুলাই) সকাল ১০ টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে অভিযানে নামে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশন।
এসময় কাজিরবাজার সেতুর নিচের এলাকায় ৩০ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া মাছবাজার এলাকায় আরো অন্তত ২০/২৫টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। সেই সাথে বাকি অন্যান্য অবৈধ স্থাপনা মালিকদেরকে জায়গা খালি করে দিতে সতর্ক করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল বলেন, এর আগে অবৈধ দখলদারদেরকে জায়গা খালি করতে নোটিশ প্রদানের পাশাপাশি গত ৩ দিন আগে পুনরায় মাইকিংও করা হয়েছে। এতে কাজ না হওয়ায় অবৈধ স্থাপনাগুলি গুড়িয়ে দেয়া হয়।
তিনি বলেন, নদীর তীর দখল করে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। উচ্ছেদ শুরু হয়েছে, নদীর তীর দখলমুক্ত করার আগ পর্যন্ত উচ্ছেদ চলবে।
উচ্ছেদ অভিযানে সিসিক ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) রীতা বেগম, সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী আলী আকবর, পিডিবির ও জালালাবাদ গ্যাসের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।